বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর

অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অন্তর্বর্তী সরকারের জারি করা বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, গণভোট, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ প্রায় ২০টি অধ্যাদেশ সাংবিধানিক সময়সীমার মধ্যে জাতীয় সংসদের অনুমোদন না পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বৈধতা হারিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত জাতীয় সংসদ মোট ৯১টি বিল পাস করেছে। এর মধ্যে ৮৭টি বিলের মাধ্যমে ১১৩টি অধ্যাদেশের বৈধতা দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

তবে নির্ধারিত ৩০ দিনের মধ্যে কিছু অধ্যাদেশ সংসদে উত্থাপন না হওয়ায় অন্তত ১৩টি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ যথাসময়ে উত্থাপন না করায় সংসদীয় প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তিনি আরও বলেন, কিছু সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্য উপেক্ষা করে নেওয়া হয়েছে।

জবাবে আইনমন্ত্রী জানান, কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে সেগুলো পুনরায় সংসদে আনা হবে।

চিফ হুইপ জানান, কিছু অধ্যাদেশ পরবর্তী সময়ে পুনরায় উপস্থাপন করা হতে পারে।

এদিকে অধিবেশনের শেষ দিনে সংসদে মোট ২৪টি বিল পাস হয়। এর মধ্যে বেশ কয়েকটি সর্বসম্মতভাবে এবং কিছু বিরোধী আপত্তির মধ্যেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস করা হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থনীতি, শিক্ষা, ব্যাংকিং, সাইবার নিরাপত্তা ও সামাজিক কল্যাণ সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ আইন।

স্পিকার অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন