সন্ত্রাসবিরোধী বিল ২০২৬: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে পরিণত হয়ে সংসদে পাস হয়েছে, যার মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ বিষয় আরও কঠোর ও বিস্তৃত করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল ২০২৬ সংসদে ‘হ্যাঁ’ ভোটে জয়যুক্ত হয়েছে।
বিলের মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধের আওতায় থাকা আওয়ামী লীগের কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, “আগে থেকেই দেশে সন্ত্রাসবিরোধী আইন থাকলেও, সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।”
এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।