আজ থেকে সংসদে দুই বেলা অধিবেশন, শুরু সকাল সাড়ে ১০টায়

১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদে দিনে দুই সেশনে অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সংসদের অধিবেশন সকাল ও বিকেল—দুই বেলায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখন পর্যন্ত ৯টি বিল আকারে পাস হয়েছে। এর মধ্যে ৬ এপ্রিল একদিনেই ৭টি বিল পাস করা হয় এবং একই দিনে আরও ৩টি বিল সংসদে উত্থাপন করা হয়।
তবে উত্থাপিত তিনটি বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার মাধ্যমে পাস হতে পারে বলে জানা গেছে।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশকে আইনে রূপান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সময় স্বল্পতার কারণে দ্রুত বিল পাস নিশ্চিত করতে সংসদে দিনে দুই বেলা অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিপুল সংখ্যক বিল পাসের কাজ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশকে জাতীয় সংসদে বিল আকারে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ১০টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হয়, যার মধ্যে ৭টি পাস হয়েছে এবং বাকি ৩টি আলোচনার জন্য অপেক্ষমাণ রয়েছে।
সরকার দ্রুত আইন প্রণয়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে চায়। এ কারণে সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।