আজ শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

দেশের বিনিয়োগ পরিস্থিতি ও শিল্প খাতের বিদ্যমান সংকট নিরসনে এক ঐতিহাসিক পদক্ষেপে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৪ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি, শিল্প খাতে চলমান স্থবিরতা, আমলাতান্ত্রিক জটিলতা এবং নীতিগত প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ব্যবসায়ীরা তাদের বাস্তব সমস্যা, প্রত্যাশা এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়গুলো সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন।
এই বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’। সরকারের নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি নিয়মিত ও কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই প্ল্যাটফর্মটি কাজ করবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ৯ জন শিল্পোদ্যোক্তা সদস্য হিসেবে থাকছেন। তারা মূলত বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের প্রতিনিধিত্ব করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের অধীনে বেসরকারি খাতের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সরাসরি সংলাপ হওয়ায় এর গুরুত্ব অপরিসীম। বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিনির্ধারণের স্পষ্ট দিকনির্দেশনা এই বৈঠক থেকে আসতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে এই পরিষদ গঠনের পরিকল্পনা করা হয়েছিল। তৎকালীন সময়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই রূপরেখা দিলেও বর্তমান সরকারের আমলেই তা পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলো।