বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আমিরাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর বার্তা

আমিরাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রীর বার্তা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই বার্তা পাঠানো হয়েছে।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই বার্তা পৌঁছে দেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর পাঠানো বার্তায় বাংলাদেশ ও আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

এ সময় বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এই অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি, জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন