মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিলারা হাফিজকে শেষ শ্রদ্ধা, জানাজায় প্রধানমন্ত্রী

দিলারা হাফিজকে শেষ শ্রদ্ধা, জানাজায় প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে দিলারা হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানান। একইসঙ্গে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপসহ অন্যান্য নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন