১৩৩ অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণ আজ রাতে ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আজ রোববার (২৯ মার্চ) রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতে অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এদিকে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশের বিষয়ে ঐকমত্য হয়নি। এসব বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রায় ১৩ দিনের বিরতি শেষে আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। রোববার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়।
আজকের অধিবেশন শেষে বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।