মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন কার্যক্রম

বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন কার্যক্রম
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

১৩ দিনের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) পুনরায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মুলতবি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আজ থেকে আবার শুরু হচ্ছে সংসদীয় কার্যক্রম, যা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনকে ঘিরে সংসদ ভবনে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিনের কার্যসূচির অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো পর্যালোচনায় গঠিত সংসদীয় বিশেষ কমিটিও আজ রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওই বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে আইন প্রণয়নের নিয়মিত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনের কার্যসূচিতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উত্থাপন এবং এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। সে সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দেন, যা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এই অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার নিরাপত্তা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইতোমধ্যে কমিটি ২৪ ও ২৫ মার্চ বৈঠক করেছে এবং আজকের বৈঠককে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন