ঈদযাত্রায় রেকর্ড ভিড়, রাজধানী ছাড়বে দেড়কোটি মানুষ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা থেকে প্রায় দেড়কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এত বিপুল সংখ্যক মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা একটি বড় চ্যালেঞ্জ হলেও সরকারের প্রস্তুতি রয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত গোমা সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের সম্ভাব্য যানজটপূর্ণ ২০৭টি স্পট চিহ্নিত করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও হাইওয়েতেও নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি, যা একটি ইতিবাচক দিক। কিছু জায়গায় ধীরগতি থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আশা করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষ স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে যাত্রা করতে পারবেন।
এদিন ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গোমা সেতুর উদ্বোধন করেন মন্ত্রী। প্রায় ২৮৩ মিটার দীর্ঘ এই সেতুটি বরিশালের বাকেরগঞ্জ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
নৌপথ উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। এ ছাড়া ১২০০ কিলোমিটার নৌপথে খননকাজ চলমান রয়েছে এবং ভবিষ্যতে আরও ৪৫০০ মিটার নৌপথ উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, ঢাকা সদরঘাট থেকে বরিশাল নদী বন্দর পর্যন্ত নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের অবকাঠামো উন্নয়নে কাজ করছে। তিনি মনে করেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন অপরিহার্য।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।