কাউনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কুড়িগ্রাম-২ আসনের এমপি

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য এমপি আতিকুর রহমান মুজাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।