নির্বাচনে কাউকে প্রভাবিত করার সুযোগ দেয়া হবে না: সারজিস

নির্বাচনে যদি কেউ প্রভাবিত করতে চায় বিন্দুমাত্র সে সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় ১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।
গতকাল রবিবার রাতে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
এসময় সারজিস বলেন, আমরা যখন মাঠ পর্যায়ে উঠান বৈঠক, পথ সভাতে গিয়েছি। বেশ কিছু কেন্দ্রের দায়িত্বশীল আমাদেরকে বলেছেন, আমরা যেন সেসব কেন্দ্রের ব্যাপারে এক্সট্রা নজরদারদারি রাখি। প্রশাসনকেও যেন জানিয়ে রাখি এই জায়গায়,অন্য যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে তাদের কিছু নেতাকর্মী আছেন যারা উগ্রতা পোষণ করেন। তাদের একটাই লক্ষ্য যে কোন মূল্যে সেন্টারে জিততে হবে। মানুষ কি ভোট দিল না দিল সেটা বড় কথা না তারা তাদের কেন্দ্রের বড় নেতাদেরকে কথা দিয়েছে এসব কেন্দ্রে তারা জিতবে।
তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট যে কোন অংশে বিন্দু মাত্র পক্ষপাতিত্ব আচরণ আমরা দেখি আমরা আমাদের জায়গা থেকে সেখানে রাজনৈতিকভাবে যে পদক্ষেপ নেয়ার আমরা সে পদক্ষেপ নিব। বিন্দু মাত্র নির্বাচনে যদি কেউ প্রভাবিত করতে চায়। এই নির্বাচনে কাউকে সে সুযোগ দেয়া হবে না।
তিনি আরো বলেন, বিএনপি'র পক্ষ থেকে যখন তারা বুঝতে পারছে মাঠ পর্যায়ে তাদের অবস্থা ভালো না। কারণটা হচ্ছে এখন মানুষ বিগত দেড় বছরের আমলনামা যাচাই করা শুরু করেছে আরকি। বিএনপি'র ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে তিন থেকে পাঁচজন এমন কিছু কাজ করেছে যে কারণে মানুষজন অসন্তুষ্ট হয়েছে। কিছুটা অনেকের কষ্টের কারণ হয়ে গেছে। মানুষ বলছে আমরা এবার শাপলা কলিতেই আস্থা রাখতে চাই।
মতবিনিময় সভায় পঞ্চগড় জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন, পঞ্চগড় ১ আসনে শাপলা কলি প্রতীকের নির্বাচনী এজেন্ট জামায়াত নেতা নাসির উদ্দিন সরকার, পঞ্চগড়ে ১১ দলীয় জোটের আইনী পরামর্শক ব্যারিস্টার আল মাহমুদ হিমু, এনসিপি নেতা শিশির আসাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।