বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

কক্সবাজারে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পরে তাকে মুক্তি দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশে যাওয়ার সময় পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। অপহরণের কিছুক্ষণ পরই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে পরিবার জানিয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বজনরা দ্রুত রুস্তম আলীর উদ্ধারের দাবি জানান।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, “ঈদগাঁও–ঈদগড় সড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ‘আতঙ্কের রুটে’ পরিণত হয়েছে। দিনের বেলায়ও একজন জনপ্রতিনিধি নিরাপদ না থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খুরশেদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অপহরণের পরপরই বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়েছে। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন