হাতিয়ায় ১৬০০ লিটার ডিজেলসহ একজন আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি বাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৬০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে। একই ঘটনায় ফারুক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তমরদ্দি বাজারে অভিযান চালিয়ে “বেলায়েত মটর পার্টস” নামে একটি দোকানে তল্লাশি করা হয়। এ সময় ৮টি ব্যারেলে রাখা মোট ১ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার ফারুক (মফিজ উদ্দিন ফারুক) উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের বাসিন্দা।
তবে ঘটনাটি নিয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। তমরদ্দি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন শামীমসহ সংশ্লিষ্টরা দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন নিয়ে সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে মোট ৪ হাজার লিটার ডিজেল সংগ্রহ করা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের কাজ—বিশেষ করে স্টিল জাহাজে সিমেন্ট ও রড পরিবহনের জন্য এই জ্বালানি ব্যবহার করার কথা ছিল।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, উন্নয়ন প্রকল্পের জন্য তেল সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে অভিযোগ ওঠে, নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য একটি ব্যবসায়িক দোকানের পেছনে ওই ডিজেল মজুদ রাখা হয়। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয় এবং ফারুককে আটক করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে, জব্দ করা ডিজেলটি অন্য একটি দোকানের সামনে থেকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জব্দ করা ডিজেল ও গ্রেপ্তার ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।