বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে ছয়টি মিল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল ও কারখানা চালু এবং ইজারা সংক্রান্ত বিষয়ে অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু অথবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে অংশীজনদের সঙ্গে বন্ধ পাটকল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।
সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট উদ্যোক্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন।