লক্ষ্মীপুরে মাদকবিরোধী মানববন্ধন

মাদকের ভয়াবহ আগ্রাসন রুখে দিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনসমূহ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় এবং আদর্শ মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয় আজ রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে।
মানববন্ধনে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সামাজিক সংগঠন প্রত্যয়-এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইউছুফ। তিনি বলেন, “মাদকের গডফাদাররা যত শক্তিশালীই হোক, সমাজের ঐক্যবদ্ধ প্রতিরোধের কাছে তাদের হার মানতেই হবে। মাদকের বিরুদ্ধে এই লড়াই চলমান থাকবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রিফাত, আদর্শ মানব কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন নিরব, সাধারণ সম্পাদক প্রত্যয় মনির, সামাজিক সংগঠন প্রত্যয়ের জেলা কমিটির আহ্বায়ক মেহেরাব হোসেন ইকবাল, সামাজিক সংগঠন বি কে বি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠক শামীম, শরীফ, জুনায়েদ হোসাইন, হাবিব, ইঞ্জিনিয়ার নোমান হোসেন, প্রত্যয় পৌর কমিটির আহ্বায়ক আর এ রিপন, প্রত্যয় ব্লাড ব্যাংক শাখার সাধারণ সম্পাদক নুর উদ্দিন নাহিদ, স্বেচ্ছাসেবী এম. আরিফুর রহমান ও জুলাই যোদ্ধা আরিফ প্রমুখ।
বক্তারা রাজনৈতিক প্রভাবশালী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান। তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করছে। তাই মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।