প্রচারণায় অংশ নেওয়ায় সরকারি দুই কর্মকর্তাকে শোকজ

সরকারি কর্মকর্তা হয়েও প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তাদেরকে আগামী শনিবার সশরীরে হাজির হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্ত ওই দুই কর্মকর্তা হলেন—কসবা উপজেলার বাদৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী কমিউনিটি চিকিৎিসা কর্মকর্তা মো. জিয়ার হোসাইন ও বাদৈর ইউনিয়নে দায়িত্বরত সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন। অভিযোগের সঙ্গে প্রচারণার কাজে অংশ নেওয়ার ছবি জুড়ে দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন জিয়ার হোসাইন ও মনির হোসেন। ওই ঘটনায় আব্দুল হালিম নামের এক বাসিন্দা গত ২ ফেব্রুয়ারি কসবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে কারণ দর্শাতে বলা হয়।
নোটিশে বলা হয়, অভিযোগ ও সংযুক্ত নির্বাচনী প্রচার কাজের ছবি পর্যালোচনা করে আপাত সত্য মর্মে প্রমাণিত হয়।
প্রচারকাজে অংশ নেওয়ার বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণবিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না-তা জানতে চেয়ে আগামী ৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় তাদেরকে অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখা দিতে বলা হয়। অন্যথায় একতরফাভাবে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয় নোটিশে।