শুক্রবার লক্ষ্মীপুরে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষে জেলা জামায়াত সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসভার আয়োজন ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে শুক্রবার দুপুর ৩টায় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমিরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশানসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।