শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্যস্ত মহাসড়কে ঝুঁকি কাটিয়ে শিক্ষিকার মানবিক উদ্যোগ

ব্যস্ত মহাসড়কে ঝুঁকি কাটিয়ে শিক্ষিকার মানবিক উদ্যোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুর–রায়পুর–চাঁদপুর–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে প্রতিদিনই ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হতে হচ্ছে শত শত শিক্ষার্থীকে। 
দ্রুতগতির যানবাহনের কারণে স্কুল ছুটির সময় শিশু ও কিশোরদের জীবনের ওপর নেমে আসে চরম শঙ্কা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রায়পুর উপজেলার এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমনই একটি দৃশ্য দেখা যায়। ছুটির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বাড়ির পথে বেরিয়ে পড়লে মহাসড়কে একের পর এক দ্রুতগতির যান চলাচলের কারণে তারা দৌড়ে এগিয়ে আবার পিছিয়ে যেতে বাধ্য হয়।

এ সময় শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ অবস্থান দেখে এগিয়ে আসেন সালেহা মুক্তা নামের এক শিক্ষিকা। তিনি নিজ উদ্যোগে শিক্ষার্থীদের হাত ধরে মহাসড়ক পার করে দেন। তাঁর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয়রা জানান, ওই মহাসড়কের পাশে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই এখানে কোনো স্পিড ব্রেকার বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। গত বছর সড়ক পারাপারের সময় জহির হোসেন নামে এক সরকারি কর্মচারী প্রাণ হারান বলেও জানান তারা।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্যোগে মহাসড়কের ওই অংশে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে শিক্ষার্থীরা গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন।

স্থানীয়দের দাবি, দ্রুত স্পিড ব্রেকার ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন