লক্ষ্মীপুরে সর্বাধিক সম্পদশালী বিএনপি প্রার্থী আশরাফ উদ্দিন নিজান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান জেলার চারটি আসনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী হিসেবে উঠে এসেছেন। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, আশরাফ উদ্দিনের বার্ষিক আয় ৩ কোটি ৫৫ লাখ ৫৭ হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে ৬ কোটি ১৭ লাখ ৩১ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগ করা মূলধনের পরিমাণ ৪ কোটি ১১ লাখ ৯৯ হাজার টাকা।
পেশায় ব্যবসায়ী আশরাফ উদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। তাঁর বয়স ৬৮ বছর এবং তিনি স্নাতকোত্তর পাস। তাঁর নামে চারটি মামলা থাকলেও দুটি মামলায় খালাস এবং বাকি দুটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন।
হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, আশরাফ উদ্দিনের কসমস এন্টারপ্রাইজ, দ্য অ্যানজেলিক লাইনস, মাহিনা এন্টারপ্রাইজ ও জয় এন্টারপ্রাইজ নামে চারটি প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি দিগন্ত মিডিয়া নামের একটি প্রতিষ্ঠানেও তাঁর বিনিয়োগ রয়েছে। তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাবে রয়েছে ৫০ লাখ ৫৫ হাজার ৪২১ টাকা এবং এফডিআরে রয়েছে ১ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৫০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তাঁর মালিকানায় রয়েছে দুটি গাড়ি—ল্যান্ড ক্রুজার ও নিশান—এ ছাড়া তিনটি সিএনজিচালিত অটোরিকশা। এসবের মোট মূল্য ধরা হয়েছে ৭৯ লাখ ৬৯ হাজার ৬০৯ টাকা। রয়েছে ৫০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ ১০ হাজার টাকার আসবাবপত্র। তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড ও ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের শেয়ারহোল্ডারও।
স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৪ দশমিক ২৩ একর কৃষিজমি, ওয়ারিশসূত্রে পাওয়া ১০২ শতাংশ জমি, ঢাকার পূর্বাচল ও রাজউক এলাকায় জমি, চট্টগ্রামের হালিশহরে নিজস্ব বাড়ি, বনানীতে একটি ফ্ল্যাট, এম এম আলী রোডে একটি ফ্ল্যাট এবং চরলরেন্সে একটি বাড়ি।
হলফনামা অনুযায়ী, তাঁর স্ত্রী ফারহানা আশরাফ গৃহিণী। তাঁর বার্ষিক আয় ১৩ লাখ ৩৩ হাজার ৮৮৪ টাকা। তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৪৭ লাখ ১৭ হাজার টাকা। তাঁর মালিকানায় রয়েছে একটি প্রাইভেট কার, ৪০ ভরি স্বর্ণালংকার ও ঢাকার গুলশান, মহাখালী ও ক্যান্টনমেন্ট এলাকায় ফ্ল্যাট।
সব মিলিয়ে আশরাফ উদ্দিনের অস্থাবর সম্পদের পরিমাণ ২২ কোটি ৩৪ লাখ ৪১ হাজার টাকা এবং স্থাবর সম্পদের পরিমাণ ১৮ কোটি ৬ লাখ ২৭ হাজার টাকা। সর্বশেষ আয়কর রিটার্নে তিনি নিজের সম্পদ দেখিয়েছেন ১৫ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৮০০ টাকা। তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের নামেও উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের তথ্য রয়েছে।
এদিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিম আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি বছরে আয় দেখিয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা এবং তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩ কোটি ৫৫ লাখ ৫৩ হাজার ৯৩১ টাকা।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা। অন্যদিকে জেলার বিভিন্ন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের আয় ও সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
জেলায় চারটি আসনে এবার মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, আয় ও সম্পদের দিক থেকে অন্য সব প্রার্থীকে ছাড়িয়ে গেছেন আশরাফ উদ্দিন নিজান।