মোবাইল অ্যাপে র্যাপিড পাস রিচার্জ, বিকাশ ও রকেট পেমেন্ট সুবিধা

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে রিচার্জ সেবা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অ্যাপ-ভিত্তিক রিচার্জ সেবা চালু করা হয়েছে। নতুন সেবার মাধ্যমে মেট্রোরেল এবং ভবিষ্যতে অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারে আরও গতিশীলতা আসবে।
ডিটিসিএ জানিয়েছে, এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা কাউন্টারে না গিয়ে নিরাপদে র্যাপিড পাস এবং এমআরটি পাস রিচার্জ করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে রিচার্জের ইতিহাস ও কার্ড ব্যবহারের তথ্য দেখা যাবে, এনএফসি-সক্ষম স্মার্টফোনে তাত্ক্ষণিক ব্যালেন্স যাচাই করা যাবে এবং বিকাশ, রকেট, ভিসা, এএমইএক্স ও মাস্টারকার্ডসহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অনলাইনে রিচার্জ নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। আগের র্যাপিড পাস ব্যবহারকারীরা তাদের ওয়েবসাইট লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন। লগইনের পর পূর্বে যুক্ত করা কার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে এবং প্রয়োজন অনুসারে নতুন র্যাপিড বা এমআরটি পাস কার্ডও যুক্ত করা যাবে।
ডিটিসিএ আরও জানায়, একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত অনলাইনে রিচার্জ করা যাবে। তবে রিচার্জের ব্যালেন্স কার্যকর হবে কেবল অ্যাড ভ্যালু মেশিনে কার্ড ট্যাপ করার পর। সফল রিচার্জের পর ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
একই সময়ে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং অনলাইন রিচার্জ রাখা যাবে। কালো তালিকাভুক্ত কার্ড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। এছাড়া অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করার আগে সাত দিনের মধ্যে পেন্ডিং রিচার্জ বাতিলের আবেদন করা গেলেও, ৫ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।
নতুন এই অ্যাপ ব্যবহার করে যাত্রীরা যে কোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবে। এর ফলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারণের পথ সুগম হবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু হয়েছিল। সেই ঘোষণার ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান (যুগ্ম সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার (অতিরিক্ত সচিব)।