শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হলেন আবু তালেব

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হওয়ার গৌরব অর্জন করেছেন সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১১ বিএনসিসি ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে এ সম্মাননায় ভূষিত করে।
সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেব উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তিনি হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির বাসিন্দা এবং মো. আবদুল শুক্কুরের জ্যেষ্ঠ পুত্র।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিএনসিসি কার্যক্রমে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০১৬ সালের ২৯ মে তিনি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে সফলতার সঙ্গে প্রি-কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রথমবার, ২০১৯ সালে দ্বিতীয়বার এবং ২০২২ সালে তৃতীয়বারের মতো উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সেকেন্ড লেফটেন্যান্ট মো. আবু তালেবকে হাটহাজারী উপজেলার ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হিসেবে নির্বাচিত করেছিল।