ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে ৫ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশের ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ সদস্য এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে, এই ৩ জন অস্ত্রধারীর মধ্যে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন। এছাড়া সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম অনৈতিক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকার জন্য আনসার সদস্যদের প্রতি কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, “যেকোনো ধরনের পক্ষপাতমূলক কর্মকাণ্ড নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, সেজন্য সতর্ক থাকুন।”
নবীন আনসার সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “দেশের ইতিহাস, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশা হৃদয়ে ধারণ করুন। জনগণের প্রতি দায়বদ্ধ থাকুন, আইনের শাসন রক্ষা করুন, দুর্নীতি ও পক্ষপাত থেকে দূরে থাকুন এবং নতুন বাংলাদেশ গঠনে সর্বোচ্চভাবে নিজেকে নিয়োজিত করুন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।