শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মব হামলা, গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর মব হামলা, গ্রেপ্তার ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে তরুণ সাংবাদিক তারেক মাহমুদের ওপর মব সৃষ্টি করে সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে কিরন ও শাহীন নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (বিকেল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

এর আগে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে হামলার শিকার হন তারেক মাহমুদ। তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার, স্থানীয় অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুর টাইমস-এর স্টাফ রিপোর্টার এবং যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহকর্মীদের কাছে তারেক মাহমুদ জানান, তিনি লক্ষ্মীপুর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ এক ব্যক্তি তার গতিরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই দুটি রিকশাযোগে আরও কয়েকজন এসে জড়ো হয়ে মব তৈরি করে তার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। তিনি ধারণা করছেন, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, স্থানীয় বিএনপি কর্মী কিরন ও ওয়াহিদ এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে। আহত সাংবাদিক তারেক মাহমুদ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে এ ঘটনার পর লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা একে সংগঠিত ও পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত সব জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। হামলার খবর পেয়ে তারেক মাহমুদের সহকর্মীরা সদর হাসপাতালে ছুটে গিয়ে তার খোঁজখবর নেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন