মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাজধানীতে আবারও গ্যাস স্বল্পচাপ, মিরপুর রোডে ভালভ ফেটে লিকেজ

রাজধানীতে আবারও গ্যাস স্বল্পচাপ, মিরপুর রোডে ভালভ ফেটে লিকেজ
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় ঢাকার একাধিক এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।

শনিবার (আজ) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের একটি গ্যাস ভালভ ফেটে যাওয়ায় লিকেজ সৃষ্টি হয়। জরুরি ভিত্তিতে লিকেজ মেরামতের কাজ চালাতে গিয়ে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করা এবং গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।

এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটিপূর্ণ ভালভটি পরিবর্তনের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়েছে।

ঢাকা মহানগরীতে গত কয়েকদিনই গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আজ আবার নতুন করে এ সমস্যার কথা জানালো তিতাস।

বৃহস্পতিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত বিতরণ গ্যাস পাইপলাইন মেরামত করা হয়েছে। তবে মেরামতকালে পাইপে পানি প্রবেশ করে। এ ছাড়া ঢাকা শহরে গ্যাসের সরবরাহ কম আছে। এ কারণে ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন