মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

যুক্তরাষ্ট্রকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং পারস্পরিক বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার এবং ইউএসটিআর সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে পৃথক বৈঠক করেন। এই বৈঠক অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে।

ড. রহমান বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাসের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে, যা ঘাটতি হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বর্তমান ২০ শতাংশ শুল্ক হ্রাসের প্রস্তাব উত্থাপন করেন। রাষ্ট্রদূত গ্রিয়ার এই প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। পাশাপাশি, মার্কিন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পোশাকের ওপর শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন।

উভয়পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত এবং বাস্তবায়নের লক্ষ্যে অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের বিষয়ে একমত হন।

ড. রহমান আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ার ফলে বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক যোগাযোগ আরও সুদৃঢ় হবে। তিনি মার্কিন ভিসা বন্ডে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রসঙ্গ উল্লেখ করে ব্যবসায়ীদের জন্য ভ্রমণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় ড. রহমান বাংলাদেশি বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিল নিশ্চিত করার অনুরোধ জানালে রাষ্ট্রদূত গ্রিয়ার প্রয়োজনীয় প্রচেষ্টা করার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন