হাদি হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ কর্মসূচি

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা।
এ সময় তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। দ্রুত হাদী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা।
বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে Justice for Hadi, ‘হাদির হত্যার বিচার চাই’ সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
তারা বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরেকটা জুলাই হবে। সে জন্য সবাই প্রস্তুত থাকুন।