শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জামায়াত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকদের নির্বাচনী প্রচারণার অভিযোগ

জামায়াত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকদের নির্বাচনী প্রচারণার অভিযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে মাদ্রাসা শিক্ষকরা সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে তথা প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী জাকির হোসেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর বিভিন্ন মাদ্রাসার ৫৮জন শিক্ষকের নাম উল্লেখ্য করে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও আবেদনকারী জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় গত ১০ নভেম্বর  ২০২৫ তারিখে প্রকাশিত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ২০ (খ) বিধি অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা রয়েছে। নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থীর পক্ষে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা অংশগ্রহণ করলে তা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লংঙ্ঘন হবে। কিন্তু চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর পক্ষে কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী  মো: ইউনুস (ইউনুছ হেলাল), রামদাসেরবাগ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মো. মিজানুর রহমান, বদরপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলাম ও বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহাবুবুর রহমানসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার ৫৮জন শিক্ষক প্রকাশ্যে হাটে বাজারে, অফিস আদালতে, রাস্তা-ঘাটে উঠান বৈঠক সহ মিছিল মিটিং-এ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে যাচ্ছেন। যা নির্বাচনী আচরণ বিধির সরসারি লংঘন। তাই বাধ্য হয়ে তিনি নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও আচরণ বিধি মেনে চলতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এই বিষয়ে উপজেলা জামায়াত ইসলামীর আমীর ও কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী  মো: ইউনুস (ইউনুছ হেলাল) এর মুঠো ফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, তিনি জরুরী কাজে বাইরে রয়েছেন। রোববার (৪ জানুয়ারি ২০২৫) এ সংক্রান্ত আবেদন ডাক ফাইলে রয়েছে। আবেদন যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।.


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন