মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নই শিক্ষকতার মূল অর্জন

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উন্নয়নই শিক্ষকতার মূল অর্জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, “শিক্ষাদানের প্রকৃত সাফল্য কেবল মেধাবীদের এগিয়ে নেওয়ায় নয়, বরং যারা পিছিয়ে আছে, তাদের শেখার প্রক্রিয়ায় সম্পৃক্ত করে সামনের দিকে এগিয়ে আনা একজন শিক্ষকের আসল অর্জন।”

মঙ্গলবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে অনুষ্ঠিত ২০৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা চার মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র গ্রহণ করেন।

অধ্যাপক আবরার শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “কোনো শিক্ষার্থী যদি পিছিয়ে থাকে, তাকে দুর্বল বা অক্ষম হিসেবে চিহ্নিত করা ভুল। বরং এটি শিক্ষকের জন্য একটি চ্যালেঞ্জ যে, কেন তিনি তাকে বোঝাতে পারছেন না। ক্লাসের মেধাবীদের পরিবর্তে যারা তুলনামূলকভাবে পিছিয়ে আছে, তাদের প্রতি শিক্ষকদের সহানুভূতি ও পাঠদানে নিবিড় সম্পৃক্ততা বেশি থাকা উচিত।”

তিনি আরও বলেন, “শিক্ষকতা কেবল একটি চাকরি নয়, এটি একটি আজীবন পালনযোগ্য মহান দায়িত্ব। সরকারি চাকরির সুযোগ-সুবিধা এবং শিক্ষকতার আনন্দের সমন্বয় শিক্ষকদের নতুন প্রজন্ম গঠনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম করে।”

নৈতিকতা, সততা ও আত্মমর্যাদার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা শিক্ষকদের বলেন, “শিক্ষকতার সম্মান নিজে তৈরি করতে হয়; এটি কোনোভাবে স্বয়ংক্রিয়ভাবে আসে না। দলীয় রাজনীতির ফাঁদ এড়িয়ে নিজের দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে।”

তিনি নতুন প্রজন্ম গঠনের দায়িত্ব তুলে ধরে বলেন, “ভবিষ্যতের শিক্ষার্থীরা আপনারা তৈরী করবেন। তাদের আকাঙ্ক্ষা ও শিক্ষার প্রতি সংবেদনশীলতা বজায় রেখে ধৈর্য, নিয়মিততা এবং আন্তরিকতা অপরিহার্য।”

নায়েমের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. শাহ্ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানসহ ঊর্ধ্বতন শিক্ষা কর্মকর্তারা এবং প্রশিক্ষণ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

পরবর্তী অংশে প্রধান অতিথি প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষকদের হাতে সনদপত্র বিতরণ করেন এবং বিশেষ কৃতিত্বের জন্য পদক প্রদান করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন