মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

১৫ লাখের বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত

১৫ লাখের বেশি ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের সুবিধা গ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫,৩৩,৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন।

ভোটার নিবন্ধন প্রক্রিয়া গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে সোমবার রাত ১২টায় শেষ হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।

নিবন্ধিত ভোটাররা দেশের বাইরে অবস্থানরত সেনা, পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য যোগ্য নাগরিক যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে সক্ষম। ইসি জানিয়েছে, নিবন্ধন শেষে ভোটারদের তথ্য যাচাই ও প্রমাণপত্রের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।

ইসি কর্মকর্তা আরও জানান, এই প্রক্রিয়া জনগণের জন্য সহজ, স্বচ্ছ ও নিরাপদ, যাতে যে কোনো সমস্যা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এই নিবন্ধন সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, দেশের বাইরে থাকা ভোটারদের মধ্যে পোস্টাল ভোটে অংশগ্রহণের আগ্রহ যথেষ্ট বেশি।

ইসি’র তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন এবং ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এছাড়া, মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন ও ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।

জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লায় ১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপরই ঢাকায় ১ লাখ ৮ হাজার ৭৫৫ জন এবং চট্টগ্রামে ৯৫ হাজার ২৯৭ জন।

এদিকে, আসনভিত্তিক নিবন্ধনে ফেনী-৩ আসন ১৬ হাজার ৯৩ জন নিয়ে সবার উপরে রয়েছে। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ লাখ ৭ হাজার ৯৪৩ জন ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে।

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান আজ মঙ্গলবার বাসসকে বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি।

তিনি আরও জানান, যাদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, আগামী ১০ জানুয়ারির মধ্যে তারা তা হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে বলে তিনি সতর্ক করে দেন।

সালীম আহমাদ খান আরও জানান, প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাদের সঠিক ঠিকানা দিতে মেসেজ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন