লক্ষ্মীপুরের নির্বাচনে প্রার্থীদের বৈধতা নিয়ে কমিশনের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুরের তিনটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং তিনজন প্রার্থীর মনোনয়ন সাময়িক স্থগিত রাখার আদেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন তিনি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা, কল্যাণ পার্টির ফরহাদ মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।
এদিকে লক্ষ্মীপুর-১ আসনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন, লক্ষ্মীপুর-২ আসনে একই দলের প্রার্থী হেলাল মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপির প্রার্থী সেলিম মাহমুদ ও এনপিপির প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।