এ্যানির আয়-ব্যয় প্রকাশ: নিজের ৪৭ লাখ, স্ত্রীর ২৩ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বার্ষিক আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা। একই সঙ্গে তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীর বার্ষিক আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা এবং সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা।
নির্বাচন কমিশনে দাখিল করা সর্বশেষ হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে।
হলফনামায় উল্লেখ করা হয়, এ্যানি চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। তিনি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এছাড়া রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরী সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী এবং ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। তিনি সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড অ্যান্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার।
এ্যানি চৌধুরীর অস্থাবর সম্পদের মধ্যে বিভিন্ন ব্যাংকে জমা অর্থ, ব্যবসায়িক বিনিয়োগ, শেয়ার, প্রায় ৬১ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি, ১২০ তোলা স্বর্ণ, আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন ক্লাবের সদস্যপদ গ্রহণ করেছেন এবং আর্থিক লোন প্রদান করেছেন।
স্থাবর সম্পদের মধ্যে লক্ষ্মীপুরে পৈত্রিক জমি, ঢাকার বনানী ও তেজগাঁও এলাকায় জমি, গোডাউন এবং নির্মাণাধীন আবাসিক ভবনের অংশীদারিত্ব রয়েছে।
হলফনামা অনুযায়ী, এ্যানি চৌধুরীর বিরুদ্ধে মোট ৬০টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি খালাস পেয়েছেন, কয়েকটি মামলার কার্যক্রম স্থগিত রয়েছে এবং কয়েকটি মামলা বিচারাধীন।
আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে—স্থাবর সম্পত্তি থেকে ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, ব্যবসা থেকে ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা এবং অন্যান্য খাত থেকে আয়। সর্বশেষ তিনি ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর প্রদান করেছেন।
উল্লেখ্য, এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত বশির উল্লাহ চৌধুরীর সন্তান।