কোটি টাকার সম্পদের মালিক মাহবুব আলম, রামগঞ্জে এনসিপির প্রার্থী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি ১০ লাখ টাকা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা হলফনামা সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাহবুব আলমের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। গত অর্থবছরে তিনি প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করেন এবং এক লাখ ৫০ হাজার টাকা কর পরিশোধ করেন।
মাহবুব আলম অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। তিনি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
হলফনামা অনুযায়ী, মাহবুব আলম এমবিএ ডিগ্রিধারী। প্রোপাইটরশিপ ব্যবসায় তার মূলধন ৭৬ লাখ টাকা। এছাড়া দুটি কোম্পানিতে তার শেয়ার রয়েছে ১৯ লাখ ৯০ হাজার টাকার। স্বর্ণালংকার রয়েছে আট লাখ টাকার এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য ৫০ হাজার টাকা।
তবে তার নামে কোনো কৃষি বা অকৃষি জমি, গাড়ি, প্লট বা ফ্ল্যাট নেই। তার হাতে নগদ রয়েছে ৩০ হাজার টাকা এবং চারটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ৫৪ হাজার ৬১২ টাকা। সব মিলিয়ে অর্জনকালীন অস্থাবর সম্পদের মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা, যার বর্তমান বাজারমূল্য এক কোটি ১০ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে মাহবুব আলম বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার আগে প্রায় এক বছর তিনি অস্ট্রেলিয়ায় ছিলেন। ওই সময়েই তিনি এসব অস্থাবর সম্পদ অর্জন করেন।