কৃষকের আস্থার ঠিকানা: চট্টগ্রামে ব্রি স্যাটেলাইট স্টেশনের সাফল্য

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ধান উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন, কৃষিজমি হ্রাস ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠপর্যায়ে গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণ জোরদার করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। এর অংশ হিসেবে চট্টগ্রামে কার্যক্রম পরিচালনা করছে ব্রি স্যাটেলাইট স্টেশন, সীতাকুণ্ড।
‘নতুন ছয়টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন’ শীর্ষক এলএসটিডি প্রকল্পের আওতায় এই স্যাটেলাইট স্টেশন স্থাপন করা হয়। প্রকল্পের মাধ্যমে দেশের পূর্বের ১১টি আঞ্চলিক কার্যালয়ের পাশাপাশি আরও ৬টি আঞ্চলিক কার্যালয় ও ৬টি স্যাটেলাইট স্টেশন যুক্ত হয়েছে।
ব্রি স্যাটেলাইট স্টেশন, সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ধানভিত্তিক গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করছে। এ অঞ্চলের উপযোগী ধানের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারণই স্টেশনটির মূল লক্ষ্য।
স্টেশনটির কার্যক্রমের মধ্যে রয়েছে অনুকূল পরিবেশ উপযোগী ও চিকন ধানের জাত পরীক্ষণ, ধানের ব্লাস্ট, টুংরো, পাতাপোড়া ও খোলপোড়া রোগ দমনে প্রযুক্তি উদ্ভাবন, মাজরা পোকা ও বিভিন্ন প্রকার ফড়িং দমনে ব্যবস্থাপনা প্রযুক্তি উন্নয়ন, বোরো মৌসুমে লবণাক্ততা সহনশীল ধানের জাত যাচাই, কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস আয়োজন এবং কৃষি যান্ত্রিকীকরণের কার্যকারিতা মূল্যায়ন।
প্রকল্প শুরুর পর থেকে ২০২৩ সালের জুলাই মাস হতে এ পর্যন্ত চট্টগ্রামের ১৫টি উপজেলায় মোট ২৩৫টি এক একরের কৃষক পর্যায়ের প্রায়োগিক পরীক্ষণ ট্রায়াল স্থাপন করা হয়েছে। এর মধ্যে আউশ মৌসুমে ব্রি ধান৯৮-এর ২০টি, আমন মৌসুমে ব্রি ধান৯৫ ও ব্রি ধান১০৩-এর ১২০টি এবং বোরো মৌসুমে ব্রি ধান১০২, ব্রি ধান১০৭ ও ব্রি ধান১০৮-এর ৯৫টি ট্রায়াল অন্তর্ভুক্ত রয়েছে।
এসব ট্রায়াল থেকে প্রায় ৫৭০ টন ধান উৎপাদিত হয়েছে। পাশাপাশি কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ ও বিতরণের মাধ্যমে প্রায় ৫০ টনের বেশি বীজ ধান সংরক্ষণ করা হয়েছে, যা চট্টগ্রাম অঞ্চলে নতুন ধানের জাত সম্প্রসারণে ভূমিকা রাখছে।
ব্রি স্যাটেলাইট স্টেশনের আওতায় হাটহাজারী উপজেলায় একটি প্রযুক্তি গ্রাম স্থাপন করা হয়েছে। এখানে কৃষকরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ পাচ্ছেন। কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহিত করতে চলতি বোরো ২০২৫–২৬ মৌসুমে ব্রি ধান১০২ জাতের বীজ ৩৮০টি ট্রেতে বীজ বপন যন্ত্রের মাধ্যমে বপন করা হয় এবং পরবর্তীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে রোপণ করা হয়।
এছাড়া কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আধুনিক নিড়ানি যন্ত্র, সোলার আলোক ফাঁদ ও পাখি তাড়ানোর যন্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এলএসটিডি প্রকল্পের আওতায় স্থাপিত ব্রি স্যাটেলাইট স্টেশন, সীতাকুণ্ড চট্টগ্রাম অঞ্চলের কৃষির বাস্তব সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানে কার্যকর ভূমিকা রাখছে। ধানের ফলন বৃদ্ধি ও টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে এই স্টেশন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।