নবীনগরে টমেটোর বাম্পার ফলন, খুশি কৃষক ও ক্রেতারা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় টমেটোর বাম্পার ফলনে খুশি কৃষক, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে নন কিপার সবজি উৎপাদন প্রদর্শনীর আওতায় এখানে চাষ হচ্ছে উন্নত জাতের টমেটো ‘মঙ্গল রাজা’।
নবীনগর শহরের কূল ঘেঁষা নদীর পাড়ে, আহমদ গার্ডেন সিটি সংলগ্ন বগডহর উত্তর এলাকার জমিতে এই টমেটো উৎপাদন শুরু হয়।
স্থানীয় কৃষক রাজিবুল হাসানের উদ্যোগে গড়ে উঠেছে একটি সফল সবজি ক্ষেত। শুধু টমেটোই নয়, এখানে তরমুজ, বেগুন, শশা, লাউসহ নানা ধরনের সবজি উৎপাদন করা হচ্ছে।
চাষি রাজিবুল হাসান জানান, আধুনিক পদ্ধতিতে চাষ ও কৃষি বিভাগের সহযোগিতার কারণে এবছর ফলন বেশ ভালো হয়েছে।
‘মঙ্গল রাজা’ জাতের টমেটো আকারে বড়, রঙে উজ্জ্বল এবং স্বাদে দেশি টমেটোর মতো হওয়ায় বাজারে এর চাহিদা বেশি।
প্রতিদিন নবীনগর শহরের বাজারসহ আশপাশের বিভিন্ন বাজার থেকে দোকানিরা সরাসরি ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করছেন।
ফলে পরিবহন খরচ কমছে এবং তাজা সবজি পাচ্ছেন ক্রেতারা।
দেশি টমেটো পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারাও।
তারা বলছেন, বিদেশি বা দীর্ঘদিন সংরক্ষিত টমেটোর তুলনায় এই টমেটো স্বাদে ভালো ও রান্নায় উপযোগী।
কৃষি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অন্য কৃষকদেরও সবজি চাষে আগ্রহী করবে এবং স্থানীয় পর্যায়ে পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবীনগরে এমন সফল সবজি চাষ নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।