খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বে দিকনির্দেশনা দেবে: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জয়শঙ্কর।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
জয়শঙ্কর আরও লেখেন, তার বিশ্বাস—বেগম খালেদা জিয়ার আদর্শ, রাজনৈতিক দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে অনুপ্রেরণা জোগাবে।
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে বুধবার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই কোনো ভারতীয় মন্ত্রীর প্রথম ঢাকা সফর।