গুলশানের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১৬ মিনিটে মরদেহবাহী গাড়িটি গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়।
প্রথমদিকে সিদ্ধান্ত ছিল, খালেদা জিয়ার মরদেহ গুলশানের তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’-তে নেওয়া হবে। তবে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহটি তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়।
মরদেহ পৌঁছানোর সময় বাসভবনটির চারপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নর্থ অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয় এবং যান চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।
বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ভিড় করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত ছিল।
এর আগে সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ বের করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের বাসভবন থেকে মরদেহ মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।