শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ধান চাষে সময় ও শ্রম বাঁচাতে হাটহাজারীতে ব্রি স্টেশনের উদ্যোগ

ধান চাষে সময় ও শ্রম বাঁচাতে হাটহাজারীতে ব্রি স্টেশনের উদ্যোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রাম। আসন্ন বোরো ২০২৫–২৬ মৌসুমকে সামনে রেখে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে উপজেলার চারিয়া প্রযুক্তি গ্রামের আলী সিকদার পাড়ায় কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

এই কার্যক্রমের আওতায় ব্রি উদ্ভাবিত আধুনিক বীজ বপন যন্ত্র ব্যবহার করে নির্দিষ্ট ঘনত্বে ট্রেতে ধানের বীজ বপন করা হয়। এসব ট্রেতে উৎপাদিত চারা পরবর্তীতে ব্রি রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে স্থানীয় কৃষকদের প্রায় ১৫ বিঘা জমিতে রোপণ করা হবে। এতে ধান রোপণে সময় ও শ্রম কমার পাশাপাশি উৎপাদন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন। এ ছাড়া হাটহাজারী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ জহিরুল ইসলাম ও নুরুল আবসারসহ প্রযুক্তি গ্রামের বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন বলেন, কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। প্রযুক্তি গ্রামে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, এই কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাটহাজারী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন