ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় নিহত মা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছেলের চলন্ত অটোরিকশা থেকে পড়ে ট্রাকচাপায় মাসুমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার কসবা–নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাসুমা বেগম (৪২) উপজেলার বায়েক ইউপির হরিপুর গ্রামের কবির হোসেনের স্ত্রী।
জানা যায়, শুক্রবার রাতে ওষুধ কিনতে ছেলের চালানো একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কসবা বাজারের দিকে যাচ্ছিলেন মাসুমা বেগম। রাত ৯টার দিকে কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কে আকছিনা পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন। পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।