বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj

অবশেষে আজ ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তারেক রহমান

অবশেষে আজ ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তারেক রহমান
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ ভোটার তালিকায় নাম নিবন্ধন করাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইনের দিক থেকে এর কোনো বাধা নেই এবং কাউকে ভোটার হিসেবে নিবন্ধন করাতে বা এনআইডি পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম মেনে চললেই হবে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রতিটি প্রার্থীকে অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা এবং বৈধ এনআইডি থাকা প্রয়োজন। গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সে তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তবে প্রথম প্রকাশিত তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ছিল না, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রতিক্রিয়া এসেছে। আজ তার নিজ হাতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও এনআইডি সংগ্রহের পর তিনি নির্বাচনে অংশ নিতে সক্ষম হবেন—এটাই বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ কারণে বিএনপি জানিয়েছে, শনিবার ভোটার হবেন তারেক রহমান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার আইনি সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তারেক রহমান ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার রেজিস্ট্রেশন আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে আমরা তা করতে পারি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই মনে করছি। তবে আরও ভালো হলে সেটি আরও ইতিবাচক হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন