ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থান কাপড়, ইলেকট্রিক পণ্য ও খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।