বড়দিনে পর্যটকের ঢল কক্সবাজারে, শত কোটি টাকার বাণিজ্যের প্রত্যাশা

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটির দিনে কক্সবাজারে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই শহরজুড়ে লাখো মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে।
পর্যটকেরা সৈকতের বালুকাবেলায় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনসহ আনন্দমুখর সময় কাটাচ্ছেন।
রাজধানীর মিরপুর থেকে বেড়াতে আসা আরিফুল হুদা বলেন, কক্সবাজার প্রিয় জায়গা, সুযোগ পেলেই আসি। আজ পরিবার নিয়ে এসেছি। শীতের সময়ে এখানকার পরিবেশ অনেক ভালো লাগে।
আনন্দের মাঝেও পর্যটক ও ব্যবসায়ীরা কিছু ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। বাড়তি খরচ, অটোচালকদের বেশি ভাড়া নেওয়া এবং সৈকত এলাকায় অব্যবস্থাপনা কিছুটা দুর্ভোগের কারণ হিসেবে দেখা দিয়েছে।
সিরাজগঞ্জের ব্যবসায়ী শামসুল আলম জানান, খাবারের দাম বেশি, অটোচালকরা অল্প দূরত্বেও অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। প্রশাসনের যথাযথ তদারকি প্রয়োজন।
বড়দিন উপলক্ষে শহরের হোটেলগুলোতে আয়োজন চলছে, যা উৎসবের আমেজ আরও বাড়িয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী, এই মৌসুমে শত কোটি টাকার বাণিজ্য সম্ভব। হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, “২৭ তারিখ পর্যন্ত টানা তিন দিনের ছুটি এবং বছরের শেষের আগে পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে, সব মিলিয়ে বাণিজ্য শত কোটি টাকা ছাড়িয়ে যাবে।”
পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে নিয়মিত মনিটরিং চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। হয়রানি প্রতিরোধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। পর্যটকরা হেল্পলাইন-০১৩২০১৬০০০০ নম্বরে যোগাযোগ করলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারবেন।