আয়েশা বেগমের পর চিকিৎসাধীন বড় মেয়েরও মৃত্যু

লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের দরজায় তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে ৫ দিন ধরে চিকিৎসাধীন বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। এর আগে ঘটনার সময় আগুনে পুড়ে ছোট মেয়ে আয়েশা বেগম মারা যায়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্মৃতি। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলাল হোসেন উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী। তিনি নিজেও আগুনে দগ্ধ হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা পেট্রল ঢেলে বিএনপি নেতা বেলালের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘর, আসবাবপত্রসহ তার ছোট মেয়ে আয়েশা পুড়ে মারা যায়। আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি ও মেজো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়। এর মধ্যে বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। এর মধ্যে স্মৃতির শরীরের ৯০ শতাংশ ও বিথির ৫ শতাংশ শরীর দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই রিলিজ দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো।
এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে। এর মধ্যে দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পোড়াবাড়ি পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি- জামায়াত,জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।
তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।