নতুন বাংলাদেশের স্বপ্নে খ্রিষ্টান সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষ্যে পাঠানো এক বাণীতে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলে একযোগে কাজ করার গুরুত্বের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
ড. ইউনূস খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, যিশু খ্রিষ্ট এই দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন এবং পৃথিবীতে শান্তি, ন্যায় ও মানবমুক্তির বার্তা বয়ে এনেছিলেন। বিপন্ন, অবহেলিত ও অনাহারক্লিষ্ট মানুষের সেবায় তাঁর নিবেদিত জীবন আজও অনুসারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশের মানুষ দীর্ঘকাল ধরে ভিন্ন ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রেখেছে। যথাযথ মর্যাদা ও উৎসাহের সঙ্গে বড়দিন উদযাপন আমাদের এই সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।
তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।