হাদি হত্যা ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা হলে রুখে দাঁড়াবে জনগণ

শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেছেন, ওসমান হাদির হত্যার পেছনে সরকার দায় এড়াতে পারে না। একই সঙ্গে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
এক বিবৃতিতে ওমর বিন হাদি বলেন, “আপনারা একদিকে ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, অন্যদিকে আবার এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছেন। আমরা কোনোভাবেই এই ষড়যন্ত্র সফল হতে দেব না।”
সরকারের উদ্দেশে কঠোর ভাষায় তিনি আরও বলেন, “যদি কেউ মনে করেন নির্বাচন শেষ হলে বা দুই মাস পর ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যাবেন—তাহলে তারা ভুল করছেন। এ দেশের জনগণ আপনাদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবে।”
তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যার প্রকৃত বিচার না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং এর দায় সরকারকেই নিতে হবে। একই সঙ্গে তিনি অবিলম্বে স্বচ্ছ তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শহীদি শপথে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
ওমর বিন হাদি বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করবো, দ্রুত খুনিদের আমাদের সামনে উপস্থাপন করুন। নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, দ্রুত খুনির বিচার করুন।
তিনি বলেন, ওসমান হাদি বলেছিল ফেব্রুয়ারিতে এদেশে নির্বাচন হতে হবে। নির্বাচন করার জন্য সে মাঠেও নেমেছিল। তাকে হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে একটিই দাবি জানাচ্ছি—ওসমান হাদির গোটা খুনি চক্রকে জাতির সামনে উপস্থাপন করুন। একটা জিনিস আপনারা মনে রাখবেন, জুলাই বিপ্লবের আগে বাংলাদেশে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মনে করতেন তারা আজকে এই বাংলাদেশে নেই। তারা পালাতে বাধ্য হয়েছে। হত্যার বিচার যদি না হয় আপনারাও বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন।
ওমর বিন হাদি বলেন, যে এজেন্সির হয়ে, যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন—মনে রাখবেন, হাদি কোনো রাষ্ট্র, এজেন্সি বা কোনো তাবেদারের কাছে মাথানত করেনি। সে মাথানত করলে অন্য নেতাদের মতো বিক্রি হয়ে সুখে জীবনযাপন করতে পারতো।
তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে পথ দেখিয়েছে কীভাবে রাজপথে আন্দোলন করতে হয়, কীভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়। এজেন্সির রক্তচক্ষুকে উপেক্ষা করে জনসাধারণের নেতা হয়ে ওঠা সে-ই শিখিয়েছে। সে প্রমাণ করে গেছে, জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি আরও বেশি শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে।
সরকারের উদ্দেশে ওমর বিন হাদি বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদি হত্যার বিচারের অপেক্ষায় আছে। আপনারা (অন্তর্বর্তী সরকার) রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন হাদিকে হত্যা করা হয়েছে। হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। আজ হোক দশ বছর পরে হোক—বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতেই হবে।