উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে উপদেষ্টা পরিষদে রদবদলের প্রস্তুতি নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বশীল সূত্রের ভাষ্য অনুযায়ী, একজন উপদেষ্টার দায়িত্ব হ্রাস করে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দু-এক দিনের মধ্যেই নতুন একজন উপদেষ্টার শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, বর্তমান সরকারের মধ্য থেকেই কাউকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে যাঁর ওপর বর্তমানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, তাঁকে একটি মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। তবে জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
এই রদবদলের গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে থাকা এই উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে হত্যার পর।
গত দুই দিন ধরে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জন শোনা গেলেও রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর বৈঠকে অংশ নেন তিনি। পাশাপাশি সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় শরিফ ওসমান বিন হাদির মাথায় গুলি করা হয়। পরে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয় এবং ছায়ানট ও উচীদীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে হাদির জানাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে খুনিদের গ্রেপ্তারে সরকারের দৃশ্যমান পদক্ষেপ দাবি করেন।
এ ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়। পরে তাঁকে সরিয়ে ১৭ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে এই দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।