আইনের শাসন দেখিয়ে সঠিক নির্বাচন প্রমাণ করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে যে অপবাদ আমাদের ওপর দেওয়া হচ্ছে, সেখান থেকে মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই—একটি সঠিক, অবাধ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। আর সেটি নিশ্চিত করতে হলে আইনের শাসনের কঠোর প্রয়োগ অপরিহার্য।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিং সভায় এসব কথা বলেন সিইসি।
সভা শুরুর আগে সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনারসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, “আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই সংকটময় সময়ে আমরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।”
বিগত নির্বাচন নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সামষ্টিকভাবে আমাদের ওপর দোষ চাপানো হচ্ছে। বলা হচ্ছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বা ম্যানেজড নির্বাচন হয়েছে। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠ পর্যায়ে আপনারাই রাষ্ট্রযন্ত্র সচল রাখেন এবং সিস্টেমকে কার্যকর রাখার দায়িত্ব আপনাদের।”
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি আরও বলেন, “আপনারা বুক ফুলিয়ে সাহস দেখালে আমিও সাহসী হব। আপনারা যখনই আইনের প্রতিষ্ঠায় সাহসী পদক্ষেপ নেবেন এবং বিধি-বিধান মেনে কাজ করবেন, ইনশাআল্লাহ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।”
তিনি বলেন, “আমাকে খুশি করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের অধীনস্থদের আইন অনুযায়ী পরিচালনা করবেন। নির্বাচন ব্যবস্থার ডেলিভারি যেন সঠিক হয়, সেটি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে—সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে।”