ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম তাকে তলব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। তিনি সরাসরি পররাষ্ট্রসচিবের দপ্তরে যান এবং পাঁচ মিনিটেরও কম সময় অবস্থান করে মন্ত্রণালয় ত্যাগ করেন।
ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি ও কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং কূটনীতিকদের নিরাপত্তা ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্যে সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
সেই তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে দাবি করে, ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার করা হয়নি। একই সঙ্গে তারা বাংলাদেশে একটি মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে।
তবে পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নির্বাচন বিষয়ে ভারতকে ‘নসিহত না করার’ পরামর্শ দেন।