হাদির হত্যাকারীর অবস্থান অজানা, নিরাপত্তা ঝুঁকিতে ২০ জনকে গানম্যান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ মোট ২০ জনকে ব্যক্তিগত নিরাপত্তা হিসেবে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, সাম্প্রতিক সহিংসতা ও হুমকির প্রেক্ষাপটে আক্রান্ত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদেরও গানম্যান দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীর বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে—সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য না থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি।
তিনি বলেন, যদি হত্যাকারীর অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যেত, তাহলে তাকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হতো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, এই হত্যাকাণ্ড সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধী যেখানেই থাকুক, তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত একটি দালাল চক্রকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানে এ পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ডেভিল হান্ট ফেজ টু’র আওতায় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান চালিয়ে বেশি সংখ্যক গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসাবাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই সুরক্ষা দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
হাদির হত্যাকারী কোথায় আছে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সে কোথায় আছে... দেশে থাকতে পারে বাইরেও থাকতে পারে। প্রকৃত অবস্থান যদি জানতে পারতাম তবে তো ধরেই ফেলতাম। সে বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কি না, এটা তো আমি বলতে পারবো না।
তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে প্রস্তুত রয়েছে।
পদত্যাগের গুজব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদত্যাগ করলে তো এখানে থাকতাম না।’