হাটহাজারীতে সাবেক এমপির বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ৫

চট্টগ্রামের হাটহাজারীতে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন গুমানমর্দ্দন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহবুল আলম ওরফে বাবুলের ছেলে মাহফুজ আলম ওরফে মানিক (১৯), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিজুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান (১৯), ৫ নম্বর ওয়ার্ডের মো. লিয়াকত আলীর ছেলে আবদুল হক (২০), মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল পূর্ব খন্দকার পাড়ার মো. রফিকের ছেলে মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে আল নাহিয়ান (২০)।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ জানান, ঘটনার পর থেকেই পুলিশ সক্রিয়ভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃতরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে বারোটার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন দক্ষিণ ছাদেকনগরে অবস্থিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। হামলার সময় বাড়ির নিচতলা ও দোতলা ছাড়াও গ্যারেজ, জেনারেটর কক্ষ এবং কেয়ারটেকারের থাকার কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। একপর্যায়ে গানপাউডার ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ একটি প্রাইভেট কার ও একটি জেনারেটর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
পরবর্তীতে শনিবার রাতে ফয়সাল নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।