শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ৬২ লাখ টাকার জমি দখলের অভিযোগ

রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে ৬২ লাখ টাকার জমি দখলের অভিযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মেঘনার পাড়ে মিয়ারহাট এলাকায় রাতের আঁধারে ঘর তুলে ইউনিয়ন বিএনপি নেতা বাদশা গাজি ও তার লোকজন ৬২ লাখ টাকার জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

জমির মালিক বৃদ্ধ নিজাম মিয়াসহ তার চার সন্তান এমন অভিযোগ করেছেন।এছাড়াও এ ঘটনায় ফেসবুকে পোস্ট করায় হত্যার হুমকি দেওয়ায় আতংকে রয়েছে প্রবাসীর পরিবার। 

শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে  দক্ষিন চরবংশী ইউপির মেঘনার পাড়ে মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিরুপায় হয়ে ভুক্তভোগী ৯৯৯ নাম্বারে সহযোগিতা চাইলে রায়পুরের হাজিমারা ফাঁড়ির পুলিশ কর্মকর্তা আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে থানায় যাওয়ার পরামর্শ দেন। 

এ ঘটনায় রোববার রাতে দক্ষিন চরবংশী ইউপির বিএনপির সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাদশা গাজিসহ তার অনুসারী আলাউদ্দিন গাজি, মুকবুল চৌকিদার, গফুর চৌকিদার, জাকির চৌকিদার, সোহেল, গফুর মোল্লা ও রতন গাজিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ নিজাম মিয়া ও তার মেয়ে আয়শা আক্তার। 

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই নুর আলম, আবুল কাশেম ও শাহআলমের কাছ থেকে সদর উপজেলার দালালবাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন ৬ শতাংশ জমি কেনেন। প্রায় ৭ মাস আগে এই জমিই আবার ৬২ লাখ ব্যয়ে মিয়ারহাট এলাকার প্রবাসী মাইনুদ্দিন কেনেন। সেখানে চারটি দোকানঘর করে ভাড়া দেন। 

নিজাম মিয়া, আয়শা, সাজেদা, নুর নাহার ও জামাতা আতরের জামান বলেন- গত ১৫ দিন আগে জমির ওই দোকানঘরগুলো ভেঙ্গে ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম। শনিবার মধ্যরাতে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাদশা গাজির হুকুমে তার অনুসারী আলাউদ্দিন গাজি, মুকবুল, গফুর, জাকির চৌকিদার, সোহেল,গফুর মোল্লা ও রতন গাজিসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমি দখলে নিয়ে একটি টিনের ঘর তুলেছেন। এতে বাঁধা দিলে আমাদের হামলার চেষ্টা করে। নিরুপায় হয়ে হাজিমারা ফাঁড়ি পুলিশকে ফোন করলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা গাজী বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার প্রতিপক্ষ জামায়াতের রাজনীতি করে। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তবে রাতের আঁধারে ঘর তুলেছেন কেন? এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি বাদশা গাজি।

চরবংশী ইউপির হাজিমারা ফাঁড়ি থানার এসআই আবদুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়। উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়।

রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন